“যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই” — এমপি নুরুল আমিন
রিপোর্ট মাসিক মীরসরাই
মীরসরাই উপজেলার মলিয়াইশ প্রিমিয়ার লীগ (এমপিএল)-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ মে) অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও ট্রফি উন্মোচন করেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
এসময় তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। মলিয়াইশ প্রিমিয়ার লীগের মতো আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মীরসরাই জেনারেল হাসপাতাল টিম ও জিহান এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ের খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
