মীরসরাইয়ে পিকআপ চাপায় যুবকের মাথা বিচ্ছিন্ন
মিরসরাইয়ে দ্রুতগামী ইটবোঝায় পিকআপ চাপায় মো. মোশারফ হোসেন (৩৭) নামে এক দিনমজুর নিহত হয়েছে। এই ঘটনায় পিকআপ সহ চালক মো. কাউছারকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের পুত্র। আটক কাউছার মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের রবিউল হোসেনের পুত্র। ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মারুফ হাসান বলেন, বুধবার সকালে রাস্তার পাশে গাছ কাটার কাছ করছিলো মোশারফ। হটাৎ ইটবোঝায় একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। তিনি আরো বলেন, মোশারফ পেশায় দিনমজুর। তার স্ত্রী, ৮ বছরের শারীরিক প্রতিবন্ধি একটি ছেলে ও দুই বছরের একটি মেয়ে রয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
