সিরিয়ায় ভবনের ধ্বংসস্তূপের নিচে জন্ম নেয়া শিশুটি বড় হবে ফুফুর কাছে
সিরিয়ার আলেপ্পোতে গত ৬ ফেব্রুয়ারি একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে জন্ম হয় ছোট্ট এক ফুটফুটে মেয়ে শিশুর। তার পরিবার যে বাড়িতে বসবাস করত ভূমিকম্প আঘাত হানার পর সেটি ধসে পড়ে। ওই বাড়ির নিচে চাপা মরে মারা যায় শিশুটির বাবা-মা, ভাই বোন সবাই। কিন্তু অলৌকিকভাবে সেই ধসে পড়া ভবনের নিচেই তার জন্ম হয়। বার্তাসংস্থা রয়টার্স রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, জন্মের আগেই পুরো পরিবার হারানো ওই শিশুটিকে এখন দত্তক নিয়েছেন তার ফুফু এবং ফুফা। তাদের কাছেই এখন বেড়ে উঠবে সে। শিশুটিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, একজন তাকে নিয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছেন। ওই সময় জানা যায়, উদ্ধারকারীরা যখন শিশুটিকে উদ্ধার করেন তখনও সে তার মায়ের নাড়ির সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীতে জানা যায়, শিশুটির বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আফরা ম্লেইহান। যারা ভূমিকম্পে তাদের বাকি সব সন্তানসহ নিহত হয়েছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর আফরিন বিভাগের জিহান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিকটাত্মীয়রা আসার আগ পর্যন্ত সেখানেই ছিল সে। হাসপাতাল থেকে গতকাল শনিবার শিশুটির ফুফা খলিল আল-সাওয়াদী এবং ফুফু হালা তাকে নিয়ে আসেন। শিশুটির মৃত মা ‘আফরার’ নাম অনুসারেই তার নাম রেখেছেন তারা।
