হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
গ্রামীণ জনপদে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ হাইতকান্দি উচ্চ বিদ্যালয়৷ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে দুদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা৷ বুধবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। স্কুল মাঠে দিনব্যাপী প্রায় ২৬ টি ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ২য় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর খান, বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত স্কুলের প্রাক্তন ছাত্র নয়ন কুমার বড়ুয়া, ডা: মো: নুরুল মোমিন, মুহাম্মদ বাহার উদ্দিন, পুলক কুমার বড়ুয়া, সালাহ উদ্দিন ইউসুফ প্রমুখ৷ প্রতিটি প্রতিযোগিতার ছিল আলাদা বিচারক প্যানেল৷ যারা বিভিন্ন ইভেন্ট থেকে সেরা তিনজনকে বাছাই করে বিজয়ী ঘোষণা করেন৷ সর্বশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৮ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া স্কুলের ট্রাস্ট ফান্ড থেকে স্কুলের ৭০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রধান করা হয়৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অভিভাবকদের উদ্দেশ্য তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান৷
