মীরসরাইয়ে ৪ কোটি টাকায় অত্যাধুনিক ভবন নির্মাণ করছে আ.লীগ

৭ মে, ২০২৩ | ১১:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি

কেন্দ্রীয় আওয়ামী লীগের অত্যাধুনিক ১০তলা ভবনের পর একই আদলে এবার মীরসরাই উপজেলা আওয়ামী লীগ ৭তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের কার্যক্রম শুরু করেছে। আধুনিক মানের এ ভবন নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। শনিবার (০৬ মে) বিকেলে মীরসরাইয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৭তলা বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, এ ভবন কারো একার শ্রম আর অর্থে তৈরি হবে না। এ ভবনের প্রত্যেকটি কণায় কণায় তৃণমূল নেতাকর্মীদের অর্থ-শ্রম যুক্ত হবে। আমরা যখন প্রথম পরিকল্পনা করি তখন এই ভবনের মধ্যে আইটি সেন্টার বা ইনফরমেশন টেকনোলজি সেন্টার করার পরিকল্পনা ছিল না। পরবর্তীতে আমার মেজ ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের প্রস্তাবে এটি যুক্ত করা হয়েছে।

মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, মোট ৩ হাজার ৪শ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ-সুবিধা। থাকবে লাইব্রেরি, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, গবেষণা কেন্দ্র, ভিআইপি লাউঞ্জ, ডরমেটরি, মিডিয়া সেন্টার, ক্যাফে, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয়। আধুনিক মানের এ ভবন তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ সভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ।

[caption id="attachment_38936" align="alignnone" width="1000"] মীরসরাই সদরে নির্মিতব্য আওয়ামী লীগ ভবনের থ্রিডি নকশা।[/caption]