মিঠাছরা-বামনসুন্দর-মাদবারহাট চলাচলের বিকল্প পথ ভেঙ্গে মানুষের ভোগান্তি

১০ জুলাই, ২০২৩ | ১:০১ অপরাহ্ণ
রিপোর্ট

মীরসরাইয়ের মিঠাছড়া-বামনসুন্দর-মাদবারহাট সড়কের উপর একটি ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে চলাচলের জন্য নির্মিত বিকল্প সড়কটি খালের পানিতে ভেঙ্গে যাওয়া গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির মাত্রা অনেক বেড়েছে। জানা গেছে, উপজেলা এলজিইডির অধিনে ১৫ মিটার দৈর্ঘ্যরে ব্রিজটি নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান আবছার কনষ্ট্রাকশন। ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রæয়ারি মাসে। প্রায় ৫ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও ঢালাইয়ের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। কাজের শুরু থেকে গাড়ি ও মানুষ চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করা হয়। সে রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছিলো। কাটাছরা ইউনিয়নের বঙ্গনুর এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ব্রিজটি নির্মাণে ধীরগতির কাজ হচ্ছে। এতো সময় লাগার কথা না। যে বিকল্প রাস্তা তৈরি করেছে তা দিয়ে সামান্য বৃষ্টি হলে গাড়ি চলাচল করে না। প্রায় ৫-৬ মাস আমরা অনেক কষ্টে চলাফেরা করছি। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখেরতালুক গ্রামের তানভীর ইসলাম আসিফ বলেন, আমরা হাইচ গাড়ি নিয়ে কাটাছরা ইউনিয়নের সারেংপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। ছত্তরভূঁইয়ারহাট এসে ব্রিজ এর কারণে গাড়ি আর যেতে পারেনি। পরে ওইপাশ থেকে সিএনজি নিয়ে মহিলা ও শিশুদের নিয়ে অনেক কষ্টে আত্মীয়ের বাড়িতে যেতে হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বামনসুন্দর খালের উপর নির্মিতব্য ব্রিজের কারণে চলাচলের জন্য তৈরি করা বিকল্প সড়কটি পানিতে ভেঙ্গে গেছে। কোনভাবে যাত্রী নামিয়ে দিয়ে সিএনজি অটোরিক্সা পার হতে পারলেও কার, মাইক্রো, হাইচ, পিকআপ চলাচল করতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এই সড়কটি দিয়ে দুর্গাপুর, কাটাছরা, ইছাখালী ইউনিয়নসহ প্রায় অর্ধশত গ্রামের শত শত মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। ব্রিজটি নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে মানুষের ভোগান্তি শুরু হয়েছে। বিশেষ করে একটি বৃষ্টি হলে আর চলাচল করা যায় না। ঠিকাদারী প্রতিষ্ঠান আবছার কনষ্ট্রাকশনের ম্যানেজার এনামুল হক সরকার বলেন, ঈদের আগের দিন লেবারদের দিয়ে কিকল্প রাস্তাটি কনক্রিট দিয়ে মেরামত করে তাদের ঈদের ছুটি দিয়েছি। রাতের বেলায় মাছের গাড়ি যাওয়ার কারণে রাস্তাটি ভেঙ্গে গেছে। শনিবার রাস্তাটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি, কিন্তু সব লেবারতো ছুটিতে, তারা আসলে রাস্তাটি পুনরায় মেরামত করা হবে। তিনি আরো বলেন, চলতি বছরের নভেম্বর মাসে কর্তৃপক্ষকে আমরা কাজ বুঝিয়ে দেওয়ার কথা। আশা করছি তার আগেই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। মীরসরাই এলজিইডি অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ব্রিজ নির্মাণের কাজ ধীরগতি হচ্ছে এটা ঠিক না। এই প্রতিষ্ঠান জোরারগঞ্জেও একটি ব্রিজ নির্মাণের কাজ করছে। আমরা সেটি বন্ধ রেখে দ্রুত এই ব্রিজের কাজ শেষ করার জন্য বলেছি। তিনি আরো বলেন, মূলত রাতের বেলায় মাছের গাড়ি চলাচল করে রাস্তা ভেঙ্গে ফেলেছে।