সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার, স্বাস্থ্য নিয়ে পরিবারের উদ্বেগ
সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। রোববার (২৭ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের পর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবারের সদস্যরা। গণমাধ্যমকে দেওয়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, ৮২ বছর বয়সী মোশাররফ হোসেনের গত দুই বছর আগে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বড় হিপ সার্জারি হয়েছে। যার কারণে তাকে নিয়মিত হুইলচেয়ারে চলাফেরা করতে হয়। বর্তমানে তিনি ডায়াবেটিস ও হার্টের রোগীর পাশাপাশি নিউরোলজিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার অসুস্থতার কারণে গত সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের সময় সাদা পোশাকে থাকা ডিবি পুলিশ তাকে হুইলচেয়ারের সাহায্য ছাড়াই বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবার বারবার অনুরোধ করলেও পুলিশ তার প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার নির্দেশনা ছাড়াই তাকে নিয়ে যায়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী বলেন, তিনি বাথরুমে যেতে এবং হাঁটার জন্য ক্রমাগত সাহায্যের প্রয়োজন হয়। এভাবে তাকে গ্রেপ্তার করা অত্যন্ত অনৈতিক। পরিবারের সদস্যরা তার অসুস্থতা এবং তাকে এভাবে নেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
