মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫
রিপোর্ট মাসিক মীরসরাই
মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫) ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০) কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫), সাহেব আলী (৪৮)। তারা সকালে কুমিল্লা জেলার তিতাস এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তান নগরে একটি পাম্পে জ্বালানি তেলের জন্য লম্বা লাইনের কারণে যানবাহনের ধীর গতি শুরু হয়। এসময় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসকাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, এসময় বাসের ৩৭ জন যাত্রীর মধ্যে ১৫ জন যাত্রী আহত হন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ফটিকছড়ি দরবার শরীফ থেকে কুমিল্লার গৌরীপুর যাওয়ার পথে মস্তাননগর এলাকায় কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আমরা এসে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি চালকের চোখে ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে আনা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠাই। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দূর্ঘটনার কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
