ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি
রিপোর্ট মাসিক মীরসরাই
মাঠের রাজনীতি, মামলা-নির্যাতন, হার-জিতের দীর্ঘ ইতিহাস—সবকিছুকে সঙ্গী করে তৃণমূল থেকে উঠে আসা এক রাজনীতিকের গল্পের প্রধান চরিত্র নুরুল আমিন। ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে যাত্রা শুরু; তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান—আর এখন জাতীয় সংসদের সদস্য। এই ব্যতিক্রমী পথচলার নাম নুরুল আমিন।
দীর্ঘদিন এলাকায় তিনি পরিচিত ছিলেন “নুরুল আমিন চেয়ারম্যান” নামে। নির্বাচনের ফল ঘোষণার পর সেই পরিচয়ে যুক্ত হয়েছে নতুন অভিধান—“এমপি নুরুল আমিন”।
তৃণমূলের জনসমর্থন, দীর্ঘ রাজনৈতিক সাধনা এবং সাংগঠনিক অভিজ্ঞতার মিশেলে নুরুল আমিনের এই জয় শুধু একটি নির্বাচনী ফল নয়; এটি মিরসরাইয়ের রাজনীতিতে তৃণমূল থেকে নেতৃত্বে উঠে আসার এক জীবন্ত দৃষ্টান্ত।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১,২৭,৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮১,২২৭ ভোট।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার ফল নিশ্চিত করেন। তিনি জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ৩,৮০,১০২ ভোটারের মধ্যে ১,৮৬,২৪৭ জন ভোট দিয়েছেন—ভোটের হার ৪৯ শতাংশ।
নুরুল আমিনের রাজনৈতিক জীবন মূলত তৃণমূলভিত্তিক। ১৯৯৮ সালে ওচমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার জনপ্রতিনিধিত্বের শুরু। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালে নির্বাচিত হন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান। তবে আওয়ামী লীগ সরকারের নানা মিথ্যা হয়রানিমুলক মামলার কারণে তিনি পুরোটা সময় এই পদে থাকতে পারেননি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি প্রার্থী হয়েছিলেন।
দলীয় রাজনীতিতেও রয়েছে দীর্ঘ সম্পৃক্ততা। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য হন; বর্তমানে যুগ্ম আহ্বায়ক। উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন ধারাবাহিকভাবে।অ
ব্যক্তিজীবনে নুরুল আমিনের শেকড় ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে। তার পিতা মরহুম মাওলানা আবুল খায়ের। তিনি পটিয়া আল জামেয়াতুল ইসলামীয়া মাদরাসা থেকে কামিল পাস করেন। এরপর থেকেই স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।
