পুকুরের পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, পূজা দিতে গিয়ে নারীর মৃত্যু

প্রকাশ:

মীরসরাইয়ে পুকুরে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে মীরসরাই পৌরসভার উত্তর আমবাড়িয়া এলাকায় পূজার আনুষ্ঠানিকতা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিয়াঙ্কা দাশ ওই এলাকার পলাশ দাশের স্ত্রী। তাদের দুই মেয়ে পুষ্পিতা দাশ ও অর্পিতা দাশ যথাক্রমে সপ্তম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

নিহতের স্বজন বাদল দাশ জানান, দুর্গাপূজার অষ্টমীর দিনে অশ্বিনীকুমার ব্রতের ভাত নামের একটি পূজার আনুষ্ঠানিকতা করতে সকালে বাড়ির পাশের পুকুরে যান প্রিয়াঙ্কা। পুকুরের পানিতে পল্লী বিদ্যুতের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তার ছিঁড়ে পড়ে ছিল। বিষয়টি না জানায় পানিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

বাদল দাশ বলেন, পূজার এই আনন্দের সময়ে পরিবারটিতে বিষাদ নেমে এল। প্রিয়াঙ্কার মৃত্যুতে তার দুই মেয়ে বড় অসহায় হয়ে গেল। তিনি অভিযোগ করেন, তার ছিঁড়ে পুকুরে পড়ার বিষয়টি আগের রাতেই পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হয়েছিল, কিন্তু তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আদনান আহম্মদ চৌধুরী জানান, তার ছিঁড়ে পুকুরে পড়ার বিষয়ে রাতে কেউ জানিয়েছিল কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় রাত ৪টা থেকে বিদ্যুৎ না থাকার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। ঘটনার তদন্ত চলছে। পল্লী বিদ্যুতের কোনো কর্মীর গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুর পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর