মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে সিরাত মাহফিলে আলোচকরা- সুষ্ঠু সমাজ বিনির্মাণে রাসুলের আদর্শ অপরিহার্য

প্রকাশ:

মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব ক্লাবের হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ মানবিক মূল্যবোধ ও শিক্ষাকে সমাজ ও রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জমান। বিশেষ আলোচক ছিলেন ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী। ক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মিরসরাই কলেজের প্রভাষক রাসেল আহম্মদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল হক সিরাজী। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু।

আলোচকরা বলেন, বর্তমান সময়ে মানুষ দুনিয়ার মোহে পড়ে দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন মতবাদ, কুসংস্কার, অপসংস্কৃতির কারণে আল্লাহর ভয় ও রাসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ে। ফলে সমাজে অন্যায়, অনাচার হিংসা লোভ বেড়ে চলছে। রাসুলের আদর্শ অনুসরনে অশান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সুষ্ঠু সমাজ বিনির্মাণে রাসুলের আদর্শ অপরিহার্য।

মাহফিলে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর