মীরসরাইয়ের কনক কাস্টমস্ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনীত
রিপোর্ট মাসিক মীরসরাই
চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনে মীরসরাই সদর ইউনিয়নের কৃতী সন্তান জি মেক কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ মনজুর মোরশেদকে কাস্টমস্ বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শওকত আলী বলেন, এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনায় কার্যনির্বাহী পরিষদকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে গঠিত বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। যেখানে জি মেক কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ মনজুর মোরশেদকে কাস্টমস্ বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা ও কর্মগুণের স্বীকৃতিস্বরূপ এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এসোসিয়েশন আশা করছে, কাস্টমস্ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কার্যক্রমেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন। আগামী সাত দিনের মধ্যে লিখিত সম্মতি প্রদানের জন্য তাঁকে আহ্বান জানানো হয়েছে। তবে নির্ধারিত সময়ে কোনো আপত্তি না এলে কমিটির সদস্য পদে তাঁর সম্মতি রয়েছে বলে গণ্য করা হবে।
মনজুর মোরশেদ দীর্ঘদিন যাবত সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মীরসরাই সদর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, মীরসরাই উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি এবং মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলেরও সাবেক সদস্য ছিলেন।
ব্যবসায়িক ও সংগঠনগত কর্মকাণ্ডে তিনি বর্তমানে বিলোনিয়া কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিলোনিয়া কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ভয়েস অব আমেরিকার আজীবন সদস্য হিসেবেও যুক্ত আছেন।
মনজুর মোরশেদ সমাজসেবামূলক কর্মকাণ্ডে ও সমানভাবে পরিচিত। তিনি মিঠাছড়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদস্য, কাদির বক্স ভূঁঞা বাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং সাঈদ মোহাম্মদ জামে মসজিদের প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি মীরসরাই সি এন্ড এফ পরিবার কল্যাণ সমিতির উপদেষ্টা, প্রজন্ম মীরসরাই ও শান্তিনীড় বারইয়ারহাট পৌরসভার পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন। রেজা খান (রহ.) পাঠাগারের আজীবন সদস্য, মীরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য, চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশনের দাতা সদস্য এবং সুফিয়া মাদ্রাসার সদস্য হিসেবেও তিনি সম্পৃক্ত আছেন। এমন বহুমুখী সম্পৃক্ততা ও অবদানের মধ্য দিয়ে তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
