মোটরসাইকেল দূর্ঘটনায় মীরসরাইয়ের পলক নিহত: ছাত্রলীগের শোক
হাসনাত জিসান
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় মীরসরাইয়ের বাসিন্দা ওমর ফারুক পলক (২৪) নামের এক শিক্ষার্থীর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় জুয়েল রানা সহ আরো এক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সকাল সাড়ে দশটার দিকে ওমর ফারুক পলককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত পলকের বাড়ি মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে। সে ঐ এলাকার মমিনুল হকের বড় ছেলে। পলকের মৃত্যুর খবরে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।
পলকের মৃত্যুতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছে ৬নং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগ। শোকবার্তায় ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ও সাধারণ সম্পাদক বাদশা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
জেআই/মাসিক মীরসরাই
