নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগে ঐক্যের বিকল্প নেই: ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি
সন্দ্বীপ প্রতিনিধি
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। এজন্য আগামি জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়নগুলো প্রচার করতে হবে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মাস্টার শাহজাহান বিএ’র শোক সভায় তিনি এসব কথা বলেন।
বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় তিনি দলের প্রতি মাস্টার শাহজাহান বিএ’র ত্যাগ ও একনিষ্ঠতার কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, চারদিকে আওয়ামী লীগের নজিরবিহীন উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। তাই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য চারদিকে ষড়যন্ত্র শুরু হয়েছে।
সভায় বিশেষ অতিথি সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, আগামি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে, উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে। আর আমরা ঐক্যবদ্ধ থাকলে মরহুম শাহজাহান কাকার আত্মা শান্তি পাবে।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সারোয়ার হাসান জামিল শামিম, সাহেদ সারওয়ার সামিম, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান তপু, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন, হারামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজি টিটু, হরিশপুর ইউপি চেয়ারম্যান কাশেম মোল্লা, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সীমান্ত, সহ-সভাপতি মহিদুল শিকদার জিকু প্রমুখ।

